রবীন্দ্রনাথের জন্মের সার্ধশতবর্ষে বাঙালি আরও একবার শ্রদ্ধায়, ভালবাসায় স্মরণ করছে কবিকে৻ জন্মের দেড়শো বছর পরেও বাঙালির জীবন ও মনন জুড়ে তাঁর অস্তিত্ব – কিন্তু নিজের জীবনে রবীন্দ্র-সান্নিধ্য পেয়েছেন, এমন মানুষেরা কালের নিয়মেই ক্রমশ বিরল হয়ে আসছেন৻

ইতিহাসের সাক্ষী অনুষ্ঠানের আজকের পর্বে আমরা কিন্তু কথা বলেছি এমনই একজন বিরল, রবীন্দ্র-স্নেহধন্য মানুষের সঙ্গে – যাঁর নাম প্রতিমা রায়চৌধুরী৻ শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী ও আশ্রমিক প্রতিমাদেবী রবীন্দ্রনাথের জীবনের অন্তিম পাঁচ-ছটি বছরে তাঁকে খুব কাছ থেকে দেখেছেন, তাঁর সৌভাগ্য হয়েছিল কবির স্নেহের পরশ পাওয়ারও৻
সে দিনের ছোট্ট মেয়ে, বড়জোর কিশোরী প্রতিমা বারে বারে একাই গুরুদেবের কাছে ছুটে যেতেন, নির্নিমেষে দেখতেন তাঁর ছবি আঁকার বিচিত্র ভঙ্গী৻ নৃত্যনাট্যের নির্দেশনার সময় সেই রবীন্দ্রনাথেরই আবার অন্য রূপ, মহড়ার সময় ভুলচুক হলে রেগেমেগে নিজেই গান ধরছেন – আবার কখনও বা বালিকা প্রতিমাকে পেড়ে খাওয়াচ্ছেন গাছের কচি আম৻
Pratima Roychowdhuri
অক্সফোর্ডের বাসভবনে প্রতিমা রায়চৌধুরী (ছবি : বিবিসি বাংলা)
মহাত্মা গান্ধী যখন শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে এসেছিলেন – তাঁকে মালা পরানোর ভার পড়েছিল সেই প্রতিমার ওপরেই৻ শান্তিনিকেতনের জীবনের এমন টুকরো টুকরো নানা স্মৃতির ঝাঁপি উজাড় করে দিয়েছেন প্রতিমাদেবী – রবীন্দ্রনাথকে তিনি যেভাবে দেখেছেন সেই অবিস্মরণীয় অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন বিবিসি বাংলার শ্রোতাদের সঙ্গে৻
অধুনা অক্সফোর্ড-নিবাসী প্রতিমা রায়চৌধুরীর সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে কথা বলেছেন বিবিসির শুভজ্যোতি ঘোষ 

Leave a Reply

SM World