জার্মানির ১৭টি পরমাণু কেন্দ্র বন্ধ করা হবে ২০২২ সালের মধ্যে
জাপানের ফুকুশিমায় বিপর্যয়ের পর বিভিন্ন দেশে পরমাণু জ্বালানী ব্যাবহারের নীতি নতুন করে খতিয়ে দেখা হচ্ছে৻ চলছে তীব্র বিতর্ক৻
গত সপ্তাহেই পরমাণু জ্বালানী থেকে পুরোপুরি বেরিয়ে আসার কথা ঘোষণা করেছে সুইৎজারল্যান্ড৻ আর এখন একই ধরনের সিদ্ধান্তের কথা জানালো ইউরোপেরই আরেকটি দেশ জার্মানি৻
তীব্র বিতর্ক আর আলাপ আলোচনার পর মধ্য-ডানপন্থী জোট সরকার শেষ পর্যন্ত রোববার গভীর রাত পর্যন্ত চলা বৈঠকে এই সিদ্ধান্ত নিতে সক্ষম হলো৻সিদ্ধান্ত অনুসারে, দেশটিতে যে ১৭টি পরমাণু কেন্দ্র রয়েছে, আগামী এক দশকের মধ্যে অর্থাৎ ২০২২ সালের মধ্যে সেগুলো ধাপে ধাপে বন্ধ করে দেওয়া হবে৻
বৈঠক শেষে জার্মান পরিবেশমন্ত্রী নরবার্ট ৠোটগ্যান সাংবাদিকদের জানান, দীর্ঘ আলোচনার পর তারা একটা ফলাফল পেয়েছেন৻ জ্বালানী ও জ্বালানী নীতির ব্যাপারে জোট সরকার একটা সমঝোতায় পৌঁছাতে পেরেছে৻
সাতটি পুরনো কেন্দ্রকে বিদ্যুত সরবরাহ ব্যাবস্থার সাথে আর কখনো যুক্ত করা হবে না৻ আরো ছয়টি কেন্দ্র ২০২১ সালের মধ্যে আর সর্বাধুনিক তিনটি কেন্দ্রকে সরবরাহ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে ২০২২ সালের মধ্যে
নরবার্ট ৠোটগ্যান, জার্মান পরিবেশমন্ত্রী
‘আমাদের মধ্যে যে সমঝোতা হয়েছে সেটা হচ্ছে ক্র্যুমেলসহ সাতটি পুরনো কেন্দ্রকে বিদ্যুত সরবরাহ ব্যাবস্থার সাথে আর কখনো যুক্ত করা হবে না৻ আরো যে ছয়টি পরমাণু বিদ্যুত কেন্দ্র আছে সেগুলো ২০২১ সালের মধ্যে আর সর্বাধুনিক তিনটি পরমাণু বিদ্যুত কেন্দ্রকে সরবরাহ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করা হবে ২০২২ সালের মধ্যে৻‘ বলেছেন জার্মান পরিবেশমন্ত্রী৻
জার্মানিতে পরমাণু কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার জন্যে পরিবেশবাদীদের একটা চাপ বহু আগে থেকেই ছিলো৻ আর জাপানের ফুকুশিমায় দুর্ঘটনার পর এটা আরো জোরালো হয়েছে৻ উদ্বেগ উৎকণ্ঠাও বেড়েছে সাধারণ মানুষজনে মধ্যে৻ পরমাণু বিদ্যুত কেন্দ্র বন্ধ করার দাবীতে বিভিন্ন শহরে বিক্ষোভও হয়েছে৻
বিভ্রান্তিকর দৃষ্টিভঙ্গির অভিযোগে সমালোচনার মুখে পড়তে হয় জার্মান চ্যান্সেলর আংগেলা ম্যার্কেলকে৻ তার নেতৃত্বে গত বছরেই পরমাণু কেন্দ্রগুলোকে আরো ২৫ বছরের মতো সচল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিলো৻ এজন্যে আঞ্চলিক এক নির্বাচনে হেরে তাকে খেসারতও দিতে হয়েছে৻
পরমাণু বিদ্যুত কেন্দ্র বন্ধের দাবীতে সম্প্রতি বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে
পরমাণু জ্বালানীর ওপর অনেকটাই নির্ভরশীল শিল্পনির্ভর জার্মান অর্থনীতি৻ চার ভাগের এক ভাগ বিদ্যুতই আসে এই পরমাণু কেন্দ্র থেকে৻
এই নীতির কারণে শিল্পখাতের নেতারাও তাদের উদ্বেগের কথা প্রকাশ করেছেন৻ পরমাণু কেন্দ্রগুলো বন্ধ করার পর দেশটি কি জ্বালানী সংকটের মুখোমুখি হবে- পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস ইন্টারন্যাশনালের উপদেষ্টা শন বার্ণি বলছেন, বায়ু এবং সৌরশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানীর পেছনে দেশটি গত কয়েক বছরে ব্যাপক বিনিয়োগ করেছে৻
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিষয়ে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে ২০৫০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানী বিশ্বব্যাপী বিদ্যুতের চাহিদা মেটাতে পারে৻ এই প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে জার্মানী৻ এ থেকে তারা অনেক অর্থও উপার্জন করতে পারে৻
শিল্পখাতে জার্মানির প্রতিদ্বন্ধী দেশগুলোর কাছে এই সিদ্ধান্তের বার্তা হলো পরমাণু কিম্বা কয়লার ওপর নয় বরং নবায়নযোগ্য জ্বালানীর ওপর ভিত্তি করেই জ্বালানী নীতি তৈরি হতে পারে
শন বার্নি, গ্রীনপিস ইন্টারন্যাশনাল
‘শিল্পখাতে জার্মানির প্রতিদ্বন্ধী দেশগুলোর কাছে এই সিদ্ধান্তের বার্তা হলো পরমাণু কিম্বা কয়লার ওপর নয় বরং নবায়নযোগ্য জ্বালানীর ওপর ভিত্তি করেই জ্বালানী নীতি তৈরি হতে পারে৻ ‘ বলেন গ্রীনপিসের এই কর্মকর্তা৻
জার্মান সরকার বলছে, পরিকল্পিত ব্যাবহারের মাধ্যমেই বিদ্যুতের চাহিদা দশ শতাংশ হ্রাস করা যেতে পারে৻ নবায়নযোগ্য জ্বালানীর ব্যাবহার দ্বিগুণ করারও পরিকল্পনা করছে তারা৻
পরিবেশবাদীরা বলছেন, আরো যেসব দেশে পরমাণু বিদ্যুত উৎপাদন করা হচ্ছে তারা জার্মানীকে অনুসরণ করতে পারে উদাহরন হিসেবে৻
আঞ্চলিক নির্বাচনে হেরে খেসারত দিতে হয়েছে জার্মান চ্যান্সেলর আংগেলা ম্যার্কেলকে
গ্রীনপিসের শন বার্নি বলেন, ‘গত দুমাসে ফুকুশিমায় যা হলো তা থেকে আমরা পরমাণু কেন্দ্রের বিষয়ে একটা ধারণা পেয়েছি৻ এটা একটা দুর্ঘটনা যা এখনও শেষ হয়নি৻ চব্বিশ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণভাবে গলে গেলো পরমাণু চুল্লীর জ্বালানী৻ বায়ু বা সৌর-জ্বালানীর ক্ষেত্রে এরকম কিছু ঘটবে না৻ আর একারণেই জার্মান সরকার ঠিক সিদ্ধান্তটা নিয়েছে৻‘
কিন্তু কোনো কোনো বিশ্লেষক বলছেন, পশ্চিমে জার্মানীর প্রতিবেশী ফ্রান্স যে খুব শীঘ্রই পরমাণু বিদ্যুত বর্জন করছে তার কোনো লক্ষণ নেই৻ আর পূবের পোল্যান্ড নতুন দুটো কেন্দ্র নির্মানের পরিকল্পনা করছে৻ ফলে অনেকেই মনে করছেন, ভবিষ্যতে হয়তো এই উভয়পাশ থেকেই পরমাণু বিদ্যুতের আমদানী জার্মানিতে বেড়ে যেতে পারে৻
সূত্র: বিবিসি বাংলা
Categories:
International